মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

বেপরোয়া চবির বিলুপ্ত হওয়া ছাত্রলীগ কমিটি

বেপরোয়া চবির বিলুপ্ত হওয়া ছাত্রলীগ কমিটি

বেপরোয়া চবির বিলুপ্ত হওয়া ছাত্রলীগ কমিটি

মোস্তফা কামাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : দীর্ঘ পাঁচ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিলুপ্তি ঘোষণার পরপরই আনন্দ মিছিল করেছে ছাত্রলীগের একাংশ। রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

এরপর সোহরাওয়ার্দী হল মোড় থেকে একটি আনন্দ মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের বিলুপ্ত হওয়া কমিটি রাজনৈতিক ভাবমূর্তি ক্যাম্পাসে ভাঙচুর মারামারির সংস্কৃতির কারণে বেশ বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ। এবার কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। মেয়াদ উত্তীর্ণ হওয়ার অজুহাত দিলেও চবি ছাত্রলীগের প্রতি কেন্দ্রের বিরক্তি ভাব স্পষ্ট।

প্রসঙ্গত, ২০১৯ সালে ১৪ জুলাই রেজাউল হক রুবেলকে সভাপতি ও ইকবাল হোসেন টিপুকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। এরপর ২০২২ সালের ৩১ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের ৩৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে ৬৯ জন সহ-সভাপতি, ১২ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ১১ জন সাংগঠনিক সম্পাদক রাখা হয়।

চলতি বছরে ১০ বার সংঘর্ষ: অভ্যন্তরীণ কোন্দল, বিতর্কিত কর্মকান্ড ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ বছরের প্রথম নয় মাসে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ১০ বার সংঘর্ষে জড়িয়ে আহত হয়েছেন অন্তত ১০৩ জন। গত ৬ জানুয়ারি শাটল ট্রেনে বসাকে কেন্দ্র করে উপগ্রুপ সিএফসি এবং ভার্সিটি এক্সপ্রস (ভিএক্স) এর সংঘর্ষে আহত হয় ১৭ জন। একই ঘটনার জেরে পরদিন ৭ জানুয়ারি সংঘর্ষে আহত হয় ৭ জন।

পরে ৭ ফেব্রুয়ারি সিগারেটের ধোঁয়া ছাড়া নিয়ে উপগ্রুপ বিজয়, সিএফসি এবং সিক্সটি নাইনের ত্রিমুখী সংঘর্ষ ৭ জন আহত হয়। আবাসিক হলে রুম দখল নিয়ে ২০ ফেব্রুয়ারি উপ গ্রুপ বিজয়ের দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়। একই ঘটনায় ২৪ ফেব্রুয়ারি সংঘর্ষে আহত হয় ১৪ জন।

এরপর গত ৩১ মে খাবার টেবিলে বসাকে কেন্দ্র করে সিএফসি ও সিক্সটি নাইনের মধ্যকার সংঘর্ষে আহত হয় ৯ জন। পরদিন ১ জুন সংঘর্ষে আহত হয় ২৫ জন। সর্বশেষ গত ২১ সেপ্টেম্বর ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত হয় ৬ জন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |