মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
মোহাম্মদ রাজীব, কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংক্ষেপে আইসিটি বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ অক্টোবর) সকাল ১১ টায় আইসিটি এসোসিয়েশনের উদ্যোগে ইঞ্জিনিয়ারিং অনুষদের হল রুমে এটি অনুষ্ঠিত হয়।
আকিব হাছান ও সাদিয়া আফরিন জেরিনের যৌথ সঞ্চালনায় এবং বিভাগের সভাপতি ড. সাইফুর রহমানের সভাপতিত্বে কুবি উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মাহমুদুল হাসান। উপাচার্য অধ্যাপক ড এ এফ এম আবদুল মঈন প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমানে আইসিটি সেক্টর সমগ্র বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য এডভান্স ডেভেলপমেন্ট, প্রমোটিং হিউম্যান ওয়েলফেয়ার এবং প্রমোটিং সাসটেইনেবল ওয়েলফেয়ারের দিকে ফোকাস করতে বলেন। নবীন শিক্ষার্থীদের ক্রিটিকাল থিংকিং এবং কমিউনিকেশন স্কিল বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক উপদেশ প্রদান করেন কুবি উপাচার্য । তিনি বলেন, তোমাদের প্রত্যেকের একটি নির্দিষ্ট লক্ষ থাকতে হবে।
সে লক্ষ্যকে সামনে রেখে তোমাদের এগিয়ে যেতে হবে। লক্ষ্য ছাড়া কখনো জীবনে সফল হওয়া যায় না। নিজেদেরকে এমনভাবে তৈরি করতে হবে যেন অন্যরা তোমাদের দেখে ফলো করে। এসময় আইসিটি এসোসিয়েশনের উপদেষ্টা ও বিভাগের সহকারী অধ্যাপক মো. রাকিব হাসানসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।