মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

শেহজাদকে নিয়ে শাকিবের বাড়িতে বুবলী

শেহজাদকে নিয়ে শাকিবের বাড়িতে বুবলী

বিনোদন ডেস্ক

পুত্র শেহজাদকে নিয়ে শাকিব খানের বাড়িতে দেখা গেল বুবলীকে। ভালোবাসা দিবসের দুপুরে ছেলেকে কোলে নিয়ে আদরমাখা চারটি ছবি এই নায়িকা তার ফ্যান পেজে পোস্ট করেছেন। ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে, জায়গাটি শাকিব খানের পূবাইলের শুটিং বাড়ি জান্নাত-এ।

জানা যায়, বুবলীর পোস্ট করা ছবিগুলো কিছুদিন আগের। ওই ছবিগুলোতে দেখা যাচ্ছে, শেহজাদ ও তার মা বুবলী লাল রঙা পোশাক পরে আছেন। শেহজাদকে নিয়ে ছবিগুলো পোস্ট দিয়ে বুবলী তার অনুসারীদের ভালোবাসা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, শুধু একটি দিন নয়, ভালোবাসা হোক প্রতিদিনময়। তবে একটিদিন অনেক রঙিন করে যদি একটু বেশিই ভালোবাসা যায় তাতেও বা ক্ষতি কি!

শেহজাদকে নিয়ে এমন ছবি পোস্ট করায় বুবলীর পোস্টটিতে হাজার হাজার লাইক ও শতশত কমেন্ট দেখা যায়। অধিংকাশই শেহজাদকে দেখে খুশি হওয়ার উল্লেখ করছেন। তবে শাকিব খানের অনেক ভক্ত লিখছেন, এটি শাকিবের শুটিং বাড়ি জান্নাত। এই স্থানটি অনেক সিনেমায় তারা দেখেছেন।

গেল ২৭ সেপ্টেম্বরে বেবি বাম্পের ছবি প্রকাশ করে আড়াই বছর আগে শাকিবের সন্তানের মা হওয়ার বিষয়টি জানান বুবলী। তখনই চারদিকে শোরগোল পড়ে যায়। বুবলী ফেসবুকে পোস্ট দিয়ে জানান, ২০১৮ সালের ২০ জুলাই শাকিবের সঙ্গে তার বিয়ে হয়। ২০২০ সালে ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি ক্লিনিকে শেহজাদের জন্ম হয়। শাকিব খান তখন পরিষ্কারভাবে জানিয়ে দেন, শেহজাদ তার নিজের সন্তান।

শাকিব ও বুবলীর ঘনিষ্ঠজনদের কাছ থেকে জানা যায়, ২০২১ সালের নভেম্বরে শাকিব আমেরিকা যাওয়ার পর বুবলীর সাথে দূরত্ব তৈরি হয়। সেখানে তারা সর্বশেষ আন্তরিক ছিলেন। পরে বিভিন্ন গুঞ্জন তাদের মধ্যে দূরত্ব বাড়ায়। বর্তমানে শাকিব-বুবলী দুই মেরুর বাসিন্দা।

তবে শাকিব তার বড় ছেলে আব্রাম খান জয়ের মতো ছোট ছেলে শেহজাদ খানের প্রতিও সমান আন্তরিক। শেহজাদের বয়স মাত্র তিন বছর হওয়ায় সে তার মা বুবলী কাছে থাকে। তবে সময় বের করে দুই পুত্রকে নিয়ে সময় কাটান ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |