মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
বিনোদন ডেস্ক:মোশাররফ করিম অভিনীত ওয়েব সিরিজ ‘মহানগর ২’ আগামী ২০ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেতে যাচ্ছে। জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী মোশাররফ করিম এবং মহানগর সিরিজের কলাকুশলীদের জন্য শুভকামনা জানিয়েছেন। মোশাররফ করিমকে জাত অভিনেতা আখ্যা দিয়ে অভিনেতা চঞ্চল লিখেছেন, ‘মোশাররফ করিমকে নিয়ে নতুন করে কিছু বলার নাই। সে সত্যিকারের জাত অভিনেতা।’
অন্য অভিনেতাদের প্রশংসা করতে ভোলেননি চঞ্চল, তিনি বলেন, ‘চমক লাগল দিব্য জ্যোতির কয়েকটা শট দেখে। সঙ্গে তানজিকা আর বাবু ভাই মানে ফজলুর রহমান বাবু, উনি তো একজনই। শ্যামল মাওলা তো শক্তিশালী অভিনেতা, ওর আরও এগিয়ে যাওয়া দেখতে চাই। কী চমক অপেক্ষা করছে মহানগর ২-এ, তার অপেক্ষায় আমরা সবাই।’
মহানগরের জন্য শুভকামনা জানিয়ে তিনি বলেন, ‘মহানগর ২ ভালো হলে, বাংলাদেশের ওটিটি আরও চলমান গতিতে পৌঁছালে, আমাদের সবার লাভ। আমরা সবাই ভালো কাজ দর্শকদের দেখাতে চাই। দিব্যরা আমাদের রিলে রেইসের কাঠিটা হাতে নিয়ে এগিয়ে যাক অনেক দূর। উৎসাহ এবং সাহস দিয়ে আমরা নতুনদের পাশে থাকতে চাই। এই কথাগুলো বলছি কারণ, আমাদের সম্ভাব্য ভালো কাজগুলোকে সম্মান আর স্বীকৃতি জানাতেও অনেক সময় আমরা কার্পণ্য বোধ করি। ভালো কাজের জয় হোক।’
ওয়েব সিরিজ ‘মহানগর’ মুক্তির পর থেকেই এর নতুন সিজন নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। কবে দ্বিতীয় সিজন আসবে, অভিনয়ে কারা থাকবেন, এমনকি দ্বিতীয় সিজন আদৌ আসবে কি না তা নিয়েও শুরু হয় জল্পনা। জল্পনার অবসান ঘটিয়ে কয়েক দিন আগে ওটিটি প্ল্যাটফর্ম হইচই জানায়, ২০ এপ্রিল থেকে দেখা যাবে আলোচিত এ ওয়েব সিরিজের নতুন সিজন। অর্থাৎ ঈদের আগেই দর্শক উপভোগ করতে পারবেন ‘মহানগর ২’।