মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

প্রতারণার মামলায় অভিনেত্রী জেবার ৩ বছরের কারাদণ্ড

প্রতারণার মামলায় অভিনেত্রী জেবার ৩ বছরের কারাদণ্ড

অনলাইন  ডেস্ক:

গাড়ি বিক্রির নাম করে এক ব্যক্তির ৭ লাখ টাকা আত্মসাতের মামলায় অভিনেত্রী জেবা চৌধুরী জয়া ওরফে ফরিদা পারভীনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুজাহিদুল ইসলাম মঙ্গলবার বিকালে এ রায় ঘোষণা করেন বলে মামলার বাদী ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মাহবুব হাসান রানা জানান। কারাদণ্ডের পাশাপাশি জেবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিচারক।

মামলার অভিযোগে বলা হয়, জেবা চৌধুরী বাদীর কাছে একটি প্রাইভেট কার ৭ লাখ টাকায় বিক্রি করেন। একটি চুক্তিপত্রের মাধ্যমে ২০২২ সালের ২০ মার্চ জেবা চৌধুরী সব টাকা বুঝে নেন। তবে গাড়ির কাগজপত্র হালনাগাদ না থাকায় তখন গাড়ি হস্তান্তর করেননি। চুক্তিপত্র অনুযায়ী বিআরটিএ থেকে সব কাগজপত্র ঠিক করে ১৫ দিনের মধ্যে গাড়ি হস্তান্তরের কথা থাকলেও তা করেননি জেবা চৌধুরী।

পরবর্তীতে ওই বছরের ৮ মে বাদী প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে জেবার বিরুদ্ধে আদালতে মামলা করেন। এরপর আসামিকে গ্রেপ্তার করা হলেও পরে জামিনে বের হয়ে লাপাত্তা হন।

গত ৮ জুন এই মামলায় অভিযোগ গঠন করে আদালত। তিনজনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় দিলেন বিচারক। জেবার পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী এ এইচ এম মাসুম বলেন, “আমি রায়ের খবরটি শুনেছি মাত্র। এখনও নথি দেখিনি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |