মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
এম.টি.আই স্বপন মাহমুদ, বগুড়া:
তীব্র গরমে কাহিল হয়ে পড়েছে বগুড়ার মানুষ। প্রকৃতির কোঁলে হন্যে হয়ে মানুষ একটুখানি প্রশান্তির আশ্রয় খুঁজে ফিরছে। বগুড়া অঞ্চলে গত কয়েকদিন থেকে তাপদাহ শুরু হলেও বৃহস্পতিবার থেকে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার সুর্যোদয়ের সাথে সাথেই তীব্র গরম শুরু হয়ে যায়। বেলা বাড়ার সাথে সাথেই তা চরম আকার ধারণ করে।
দুপুরের দিকে ৩৯ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা ছিল। বাইরে বের হলে মনে হয় গায়ে ফোসকা পড়ে যাচ্ছে। শুক্রবার সকাল থেকে রোদের তাপ ও তীব্র গরমের কারণে গ্রামে দিনমজুরদের কাজ বন্ধ যায়। শহরের রাস্তাঘাটে যানবাহন ও লোক চলাচল কমে যায়। তবে এই গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে স্কুলগামি শিশু শিক্ষার্থীরা।
এদিকে তীব্র খরতাপ ও গরমের কারণে পেটের পীড়াসহ বিভিন্ন রোগব্যাধির প্রাদুর্ভাব ঘটেছে। জেলার হাসপাতালে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।
আবহাওয়া অফিস সুত্রে জানা যায়, গত কয়েকদিন তাপমাত্র কিছুটা হ্রাস পেয়েছিল। কিন্তু গত দুদিনে আবারো তাপমাত্র বৃদ্ধি পেয়েছে। এই তাপমাত্র আরও ৫/৬ দিন থাকবে।