বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

সেনাবাহিনীতে যুক্ত হলো নতুন উড়োজাহাজ

সেনাবাহিনীতে যুক্ত হলো নতুন উড়োজাহাজ

সেনাবাহিনীর আর্মি এভিয়েশন গ্রুপের বিমান বহরে যুক্ত হলো দ্বিতীয় কাসা-সি ২৯৫ ডব্লিউ মিডিয়াম ইউটিলিটি সামরিক উড়োজাহাজ।রোববার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে আনুষ্ঠানিক ভাবে উড়োজাহাজটি আর্মি এভিয়েশনের বিমান বহরে যুক্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ খবর প্রকাশ করে।

আইএসপিআর জানায়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিস্কো ডি আসিস বেনিটেজ সালাস, সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিমান বাহিনী, বিজিবি, র‌্যাব কর্মকর্তারা ও আমন্ত্রিত অন্যান্য অতিথিরা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্পেনের এয়ারবাস মিলিটারি কর্তৃক নির্মিত উড়োজাহাজটি স্পেন থেকে উড্ডয়ন করে আজ দুপুরে বাংলাদেশের ভূমি স্পর্শ করে। প্রয়োজনীয় কার্যক্রম শেষে উড়োজাহাজটি তেজগাঁও পুরাতন বিমানবন্দরে আসে। এ সময় ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে সামরিক উড়োজাহাজটিকে অভ্যর্থনা জানানো হয়।

এ সময় সেনাপ্রধান সেনাবাহিনীর আধুনিকায়ন এবং উন্নয়নে প্রধানমন্ত্রীর যুগান্তকারী দিক-নির্দেশনা এবং বিশেষ আগ্রহের জন্য ধন্যবাদ জানান। জাতির আস্থার প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী সব সময়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত রয়েছে বলে তিনি তার দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

দ্বিতীয় কাসা-সি ২৯৫ ডব্লিউ মিডিয়াম ইউটিলিটি উড়োজাহাজ সংযুক্ত হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর আভিযানিক সক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পেল। উড়োজাহাজটি যুদ্ধক্ষেত্রে ছত্রীসেনা অবতরণ, এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত সেনা স্থানান্তর, আকাশ থেকে পর্যবেক্ষণ, কার্গো পরিবহন, ভিআইপি মিশন ছাড়াও অধিক সংখ্যক জরুরি রোগী পরিবহনে সক্ষম।

এর বাইরেও উড়োজাহাজটি দেশের প্রাকৃতিক দুর্যোগের সময় প্রয়োজনীয় ত্রাণ ও ওষুধ সামগ্রী পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |