মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
দ্বীপজয় সরকার,ময়মনসিংহ : ময়মনসিংহের ত্রিশালে জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী উৎসব উপলক্ষে ত্রিশালে ৩ দিনব্যাপী নানা কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী দিপু মনি বলেন নজরুল যে স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু তা বাস্তবে পরিনত করেছেন।
তিনি আরো বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর জাতীয় কবি দুজনেই অসাম্প্রদায়িক চেতনার কবি ,দুজনেই একসূত্রে গাঁথা ছিলেন। শনিবার বিকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে শহীদ সৈয়দ নজরুল ইসলাম অডিটরিয়াম কাম-কমিউনিটি সেন্টারে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন শিক্ষা মন্ত্রী দিপু মনি। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নুরুল হুদা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়ার সাংসদ মোসলেম উদ্দিন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাফেজ রুহুল আমিন মাদানী,ময়মনসিংহ -৮এর সংসদ সদস্য ফকরুল ইমাম, ভালুকার সাংসদ কাজীম উদ্দিন আহম্মেদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রসেসর ড. লুৎফুল হাসান, জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা,বাংলাদেশ রিলিফ কমিটির চেয়ারম্যান এডভোকেট জালাল উদ্দীন খান, ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মতিন সরকার, ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছ, ভাইস চেয়ারম্যান হুমায়ন কবির আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।