মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
জাহিদ হাসান, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ : এক দফা দাবিতে চতুর্থ দিনের মতো নীলক্ষেত মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।
নির্ধারিত সিজিপিএ শর্ত শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশনের দাবিতে রবিবার (২৭ আগস্ট) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে অবস্থান নেয় তারা।
এর আগেও গত ১৬, ১৭, ২২ আগস্ট নীলক্ষেত মোড় অবরোধ ও গত রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅনশন কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা।
এসময় শিক্ষার্থীদের ‘নয় মাসে রেজাল্ট কেন, জবাব চাই জবাব চাই’ ‘ঢাবি তোমার প্রহসন, মানি না মানবো না’, ‘এক দফা এক দাবি, মেনে নাও মেনে নাওদ, ‘সাত কলেজের এক দাবি মানতে হবে মানতে হবে’ সহ প্রমোশনের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এদিন দীর্ঘ সময় ধরে চলমান আন্দোলন সন্ধ্যা ৬টার দিকেও অব্যাহত থাকতে দেখা যায়। একাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলে পূর্বঘোষিত সতর্কবার্তা অনুযায়ী আন্দোলন মেনে না নেওয়ায় অসুস্থ শিক্ষার্থীরা বিষপান করেছে। তবে সাত কলেজ আন্দোলনের সমন্বয়ক তসলিম চৌধুরী বলেন, বিষপানের কথা গুজব। আমাদের ৮ জন এমনিতে অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিক্ষার্থীরা বলেন, সিজিপিএ শর্ত পূরণ না করলে আবার সব বিষয়ে পরীক্ষা দিতে হবে— এটি বৈষম্যমূলক সিদ্ধান্ত। আমরা এ অযৌক্তিক সিদ্ধান্ত মানি না। আমরা প্রতিনিয়ত আন্দোলন করছি। তবে প্রশাসন বিষয়টি নিয়ে কোনো কিছু বলছে না। সমাধান না আসা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আন্দোলনে আসা শিক্ষার্থী মাসুম আহমেদ বলেন, ‘সিজিপিএ শর্ত শিথিল করে সর্বোচ্চ তিন কোর্স পর্যন্ত মানোন্নয়ন দিয়ে পরবর্তী বর্ষে চূড়ান্ত পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে আমাদের। সেই দাবির ধারাবাহিকতায় আজ আমাদের এ অবরোধ কর্মসূচি চলছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, ‘আমরা পরীক্ষা দিয়ে পরবর্তী বর্ষের জন্য প্রস্তুতি নেই। কিন্তু ডিপার্টমেন্টভেদে রেজাল্ট প্রকাশ করতে ৯ মাস পর্যন্ত সময় নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বছরের শেষ পর্যায়ে এসে যখন জানতে পারি প্রমোশন পাইনি তখন পুনরায় আগের বর্ষের জন্য প্রস্তুতি নেওয়ার পর্যাপ্ত সমস্যা থাকে না। এভাবে হাজার হাজার শিক্ষার্থীর ক্যারিয়ার হুমকির মুখে। আমরা পরীক্ষার ৩ মাসের মধ্যে রেজাল্ট চাই।’ নাজমুন্নাহার নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘পরীক্ষার তিন মাসে ফলাফল দেওয়ার কথা থাকলেও দেড় বছর পরে দেয় ঢাবি।
কলেজগুলোতে ক্লাস নেয় না। আমরা তো ফেল করে পাস চাচ্ছি না। আমরা পরবর্তী বর্ষে প্রমোশন চাচ্ছি। ফেল করা বিষয়ে পরীক্ষা তো দিব পরে। তবুও কেন, কোনো ডিসিশন দিতে পারছে না ঢাবি?’ উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষার্থীর প্রথমবর্ষ থেকে দ্বিতীয় বর্ষে সিজিপিএ ২, দ্বিতীয় থেকে তৃতীয় বর্ষে সিজিপিএ ২.২৫ এবং তৃতীয় থেকে চতুর্থ বর্ষে প্রমোশন পেতে ২.৫০ পেতে হবে।
তা না হলে ওই শিক্ষার্থীকে আবারও আগের বর্ষে থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের এই নিয়মের ফলে অনেক শিক্ষার্থী সব বিষয়ে পাস করেও পরবর্তী বর্ষে উত্তীর্ণ হতে পারছেন না।