মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১৮

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১৮

আন্তর্জাতিক ডেস্ক:

তুরস্কে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১১৮ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করে দ্য গার্ডিয়ান। আহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪৪০ জনে। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৭৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে, সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে ভূমিকম্পের আঘাতে ৪২ জনের মৃত্যু নিশ্চিত করেছে।

তুরস্কের আনাদোলু বার্তা সংস্থা জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় সানলিউরফা প্রদেশের গভর্নর জানিয়েছেন, ১৫ জন নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন সেখানে। প্রধান শহর গাজিয়ানতেপ থেকে ২২৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত একটি শহর মালতায়ার গভর্নর বলেছেন, কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন সেখানে। আহত হয়েছেন আরও ৪২০ জন। ১৪০টি ভবন ধসে পড়েছে।

স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে এ ঘটনা ঘটে। এসময় গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন অনেকে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ বলছে, শক্তিশালী এ ভূমিকম্পের গভীরতা ছিল ১৭ দশমিক ৯ কিলোমিটার।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমন সয়লু জানিয়েছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে ১০টি শহর- গাজিয়ানতেপ, কাহরামানমারাস, হাতায়, ওসমানিয়ে, আদিয়ামান, মালাতিয়া, সানলিউরফা, আদানা, দিয়ারবাকির ও কিলিস।

গাজিয়ানতেপের পূর্বে সানলিউরফার গভর্নর সালিহ আয়হান জানিয়েছেন, মৃতের সংখ্যা কমপক্ষে একশোর বেশি।

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দুই দেশেরই স্থানীয় প্রশাসন।

সূত্র: দ্য গার্ডিয়ান

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |