মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:
আকস্মিক সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি যখন কিয়েভে পা রাখেন তখন সেখানে বিমান হামলার সাইরেন বাজছিল। সোমবার (২০ ফেব্রুয়ারি) দেশটিতে রাশিয়ার হামলার বছর পূর্তির পর প্রথমবারের মতো সেখানে গেলেন তিনি।
মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, ইতোমধ্যে কিয়েভের প্রেসিডেন্ট প্রাসাদে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাশাপাশি ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কার সঙ্গে দেখা করেছেন বাইডেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি কয়েক মাস আগে কিয়েভ সফরের জন্য বাইডেনকে আমন্ত্রণ জানিয়ে বলেছিলেন যে তিনি বিশ্বাস করেন যে মার্কিন নেতার পক্ষে পরিস্থিতি কাছাকাছি দেখা গুরুত্বপূর্ণ। সেই আমন্ত্রণেই বাইডেনের এই সফর।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকসহ বাইডেনের সফরটি কঠোর গোপনীয়তার সঙ্গে রাখা হয়। এর আগে শুক্রবার হোয়াইট হাউসের এক কর্মকর্তার কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, বাইডেন ইউক্রেনে যাচ্ছে কি না? এর উত্তরে ওই কর্মকর্তা শুধু একটি শব্দ উচ্চারণ করেন। সেটি হলো ‘না’।
ইউক্রেনে রাশিয়ার ক্রমাগত বিমান হামলার মধ্যে যুক্তরাষ্ট্রের কমান্ডার-ইন-চীফ ইউক্রেন সফরের বিপদের দিকে ইঙ্গিত করেন এবং বিষয়টি অতি গোপন রাখা হয়। বাইডেন যখন কিয়েভে ছিলেন তখন বিমান হামলার সাইরেন বেজে ওঠে। আধুনিক ইতিহাসে এটাই প্রথম যে, কোনো মার্কিন প্রেসিডেন্ট এমন একটি যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেছেন যেখানে কোনো সক্রিয় আমেরিকান সামরিক উপস্থিতি নেই।