বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে ‘বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ’ উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় সময় সোমবার (২৪ জুলাই) সন্ধ্যায় এফএওর মহাপরিচালক কিউ ডংইউ’র উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্ষটি উদ্বোধন করেন।
ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখে এবং বাংলাদেশের কৃষি খাতে ‘সবুজ বিপ্লবের’ সূচনা করা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এ কক্ষটি প্রতিষ্ঠা করা হয়।
অনুষ্ঠানে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, তার দেশ এফএও সদর দপ্তরে বাংলাদেশের একটি ছোট্ট অংশ পেয়ে আনন্দিত।
কক্ষটি প্রতিষ্ঠার ক্ষেত্রে আন্তরিক সহযোগিতার জন্য এফএও মহাপরিচালক ও তার দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বঙ্গবন্ধু কন্যা।
বাংলাদেশের জনগণকে নিপীড়ন, দারিদ্র্য ও ক্ষুধামুক্ত করাই ছিল বঙ্গবন্ধুর জীবনব্যাপী মিশন উল্লেখ করে তিনি বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে তার নাম বহনকারী এই কক্ষটি খোলার সঙ্গে সঙ্গে আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
প্রধানমন্ত্রী বলেন, ক্ষুধা ও অপুষ্টি মোকাবিলায় বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। সব মানুষের জন্য একটি ক্ষুধামুক্ত এবং দারিদ্র্যমুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করা আমার জীবনের উদ্দেশ্য এবং আমরা আমাদের লক্ষ্যের প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছি।
তিনি বছরের পর বছর ধরে পাশে দাঁড়ানোর জন্য পুরো জাতিসংঘের খাদ্য ব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।