বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

অবরুদ্ধ গাজায় নিহত ৩২ হাজার ছুঁই ছুঁই

অবরুদ্ধ গাজায় নিহত ৩২ হাজার ছুঁই ছুঁই

অনলাইন  ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় আরও ১০০ জন নিহত হয়েছেন। এনিয়ে মোট নিহত হয়েছেন ৩১ হাজার ৯৯৩ জন। বৃহস্পতিবার (২১ মার্চ) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে লাইভ আপডেটে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।এতে বলা হয়, গাজায় ইসরায়েলি হামলায় আরও ১০০ জন নিহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন।এতে আরও বলা হয়, গত ৫ মাসেরও বেশি সময় ধরে ইসরায়েল ৩১ হাজার ৯৯৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে। তাদের আগ্রাসনে আহত হয়েছেন ৭৪ হাজার ৯৬ ফিলিস্তিনি।

এদিকে, মুসলিমদের পবিত্র মাসেও থেমে নেই ইসরায়েলি নির্মমতা। একের পর এক তাণ্ডব চালিয়েছে ইসরাইলি সেনারা। এতে নজিরবিহীন খাদ্যসংকটে দিন পার করছে গাজাবাসী। ত্রাণের খাদ্য সংগ্রহের লাইনে খালি পাত্র নিয়ে অপেক্ষায় রয়েছে শিশুরা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, গাজার প্রতিটি মানুষ তীব্র মাত্রায় খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি। ফিলিস্তিনি ভূখণ্ডটিতে মানবিক সহায়তা বাড়ানোর ব্যাপারে জোর দেন তিনি।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর দখলদার ইসরায়েলের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় হামাস। ওইদিন ১ হাজার ২০০ ইসরায়েলি হত্যার পাশাপাশি আরও প্রায় ২৫০ জনকে গাজায় ধরে নিয়ে আসে তারা। হামাসের ওই হামলার পর গাজায় অব্যাহত হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |