মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

ইসরায়েলি হামলায় নুসেইরাত শরণার্থী শিবিরের মেয়র নিহত

ইসরায়েলি হামলায় নুসেইরাত শরণার্থী শিবিরের মেয়র নিহত

অনলাইন  ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় নুসেইরাতের মেয়র ইয়াদ আল-মাগারি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এই হামলায় আল-মাগারির পরিবারের কয়েকজন সদস্যও নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য ও নিরাপত্তা সূত্র। আল-মাগারির মরদেহ মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের আল-আকসা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানায় স্থানীয় সূত্র।

শুক্রবার (৭ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মানবাধিকার সংস্থা ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটরের চেয়ারম্যান রামি আবদুল নিহত মেয়র আল-মাগারিকে ‘গাজার অন্যতম সক্রিয় মেয়র’ হিসেবে অভিহিত করেছেন।

গাজার গণমাধ্যম দফতর নুসেইরাতের এই জনপ্রিয় মেয়রকে হত্যার নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে তারা ইয়াদ আল-মাগারির হত্যাকাণ্ডকে ‘বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে সংঘটিত যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছে।

এতে বলা হয়েছে, আল-মাগারি ছিলেন ‘নিজের দায়িত্ব ও কাজের প্রতি অনুগত ও নিবেদিত’ ব্যক্তি। যুদ্ধের শুরু থেকে পুরোটা সময় নুসেইরাত শরণার্থীশিবিরের লোকদের সহায়তায় নিযুক্ত ছিলেন আল-মাগারি।

এর আগে, ইসরায়েলি হামলায় দক্ষিণাঞ্চলীয় আজ-জাহরা এবং মধ্য গাজার মাগাজি পৌরসভার মেয়রও নিহত হয়েছিলেন। এছাড়া ইসরায়েলি আগ্রাসনে গাজাজুড়ে বেশ কয়েকটি পৌরসভার সদর দফতরও ধ্বংস হয়ে গেছে।

গতকাল বৃহস্পতিবার পর্যন্ত গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুসারে, গত ৭ অক্টোবর হামাসের হামলার পর চলমান ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৩৬ হাজার ৬৫৪। এছাড়া আহত হয়েছেন অন্তত ৮৩ হাজার ৩০৯।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |