📦 আর্কাইভ: এই পোস্টটি আর্কাইভ থেকে দেখানো হচ্ছে। প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫, ০৬:০৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিকদের স্মারকলিপি

আহাম্মদ হোসেন চৌধুরী , ব্রাহ্মণবাড়ীয়া জেলা সংবাদদাতা

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫, ০৬:০৯ পিএম (আর্কাইভ)

ব্রাহ্মণবাড়িয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিকদের স্মারকলিপি

জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা দপ্তরে স্মারকলিপি প্রদান করছেন সাংবাদিকরা। ছবি- প্রতিদিনের কাগজ

গত ৫ আগস্টের পর ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত ১৯ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা এবং ফেসবুক-ইউটিউবে কুরুচিপূর্ণ লেখা ও ট্যাগ লাগিয়ে চরিত্রহননের প্রতিবাদে সাংবাদিকরা ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সরকার পরিবর্তনের পর সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা রুজু করে হয়রানি করা হচ্ছে। এতে সাংবাদিক ও তাদের পরিবার ভয়-ভীতির মধ্যে দিনযাপন করছেন। অভিযোগে বলা হয়, এসব মামলার অভিযোগ পর্যালোচনা করলে সেগুলো অসত্য ও অবান্তর প্রমাণিত হবে। পাশাপাশি কিছু অসাধু ব্যক্তি ফেসবুক-ইউটিউবে বিকৃত ও কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করে সাংবাদিক ও তাদের পরিবারকে হেয়প্রতিপন্ন করছে এবং মানসিকভাবে নির্যাতন করছে। এমনকি ৭০ থেকে ৮০ বছর বয়সী প্রবীণ সাংবাদিকদের মা-বাবাও এ সাইবার বুলিং থেকে রেহাই পাচ্ছেন না। সাংবাদিকদের অভিযোগ, এসব বিষয়ে থানায় অভিযোগ দিয়েও প্রতিকার পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, তিনি অপকর্মের বিরুদ্ধে সবসময় পেশাদার সাংবাদিকদের পাশে থাকবেন। পাশাপাশি ৫ আগস্টের পর দায়ের হওয়া রাজনৈতিক মামলাগুলোয় কোনো সাংবাদিক যেন অযথা হয়রানির শিকার না হন—সে বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হবে।

 

স্মারকলিপি প্রদানের সময় জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক।

সিয়াম সরিষা
Link copied!