রাজধানীতে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৫, ০২:৩৬ এএম

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনে একটি ভবনের সামনে দুই সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তারা হলেন-- ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রেদওয়ানুল হক ও দৈনিক কালবেলার সাংবাদিক এ জেড ভূঁইয়া আনাস।

শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো কাউকে আটক করার খবর পাওয়া যায়নি।

ভুক্তভোগী রেদওয়ানুল জানান, তিনি ও আনাস ভবনটির নিচে আড্ডা দিচ্ছিলেন। এমন সময় আলী নামে এক ব্যক্তি সেখানে আসেন এবং তাদেরকে সেখান থেকে সরে যেতে বলেন। তারা সেখান থেকে সরে যেতে অস্বীকৃতি জানালে তাদের ওপর সেই ব্যক্তি চড়াও হন। এরপর আরও আট থেকে ১০ জন এসে তাদের ওপর লাঠিসোঁটা দিয়ে হামলা চালায়। এ ঘটনায় তিনি হাতে, মাথায় ও পিঠে আঘাত পেয়েছেন। তবে এখনো হাসপাতালে যেতে পারেননি।

এ বিষয়ে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, আমি ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রয়োজনে আরও ফোর্স পাঠানো হবে।

এ ঘটনায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Advertisement

Link copied!