পঞ্চগড় জাতীয় মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রিনা আক্তার (৪৫) নামের একজন শিক্ষিকা প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় তার স্বামী সাইফুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পঞ্চগড় পৌরসভার দক্ষিণ তেলিপাড়া এলাকায় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সামনের মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত রিনা আক্তার দেবিগঞ্জ উপজেলার মুন্সিপাড়া এলাকার বাসিন্দা এবং দেবিগঞ্জ পারফেক্ট একাডেমির প্রধান শিক্ষিকা। আহত সাইফুল ইসলাম রিনা আক্তারের স্বামী এবং শেখবাধা রেয়াজিয়া দাখিল মাদ্রাসার সুপার।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রিনা আক্তার ও আহত সাইফুল ইসলাম সকালে দেবিগঞ্জ থেকে অফিসের কাজে মোটরসাইকেলে পঞ্চগড় শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সামনে স্পিড ব্রেকারের কাছে ওভারটেক করার চেষ্টা করলে মহাসড়কে থাকা অবৈধ স্পিড ব্রেকারে ধাক্কা লেগে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান তারা। সঙ্গে সঙ্গে পেছনে থাকা ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রিনা আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত হন তার স্বামী সাইফুল ইসলাম। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এই দুর্ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে। মহাসড়কে থাকা অবৈধ স্পিড ব্রেকার অপসারণের দাবিতে ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় ঘণ্টাব্যাপী পঞ্চগড় জাতীয় মহাসড়ক অবরোধ করে রাখে। যার ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে খবর পেয়ে পঞ্চগড় জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি অবিলম্বে অবৈধ স্পিড ব্রেকার অপসারণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে জনতা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ঘটনার পরপরই ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :