রায়পুরায় ম্যানেজারকে কুপিয়ে ২০ লক্ষ টাকা ছিনতাই

ইমরান মোল্লা , রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা

প্রকাশিত: ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫৯ পিএম

নরসিংদীর রায়পুরায় মাদক সেবনে বাধা দেওয়ায় এবিসি ইটভাটার ম্যানেজার ফরহাদ মিয়া (৩০)-কে কুপিয়ে ২০ লাখ ৪০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার হাইরমারা ইউনিয়নের বীরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আহত ফরহাদ মিয়া ওই এলাকার আমান উল্লাহ আমানের ছেলে।

এ ঘটনায় অভিযোগ উঠেছে ওই ইউনিয়নের বীরকান্দি তালুকদার বাড়ির হোসেন মিয়ার ছেলে আল আমিন, সানী মিয়া ও মির্জানগর দক্ষিণপাড়া এলাকার তায়েব আলীসহ আরও কয়েকজনের বিরুদ্ধে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় বখাটেরা ইট ভাটায় গিয়ে সেখানকার শ্রমিকদের ঘরে প্রবেশ করে মাদক সেবন করতো। সোমবার রাতে তাদের মাদকাসক্ত অবস্থায় ইটভাটার সীমানা থেকে বের করে দেওয়া হয়। এ ঘটনার জেরেই মঙ্গলবার দুপুরে ম্যানেজার ফরহাদকে তারা এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে জখম করে টাকা ছিনতাই করে নিয়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ইট ভাটার ভেকু চালক রায়হান বলেন, সোমবার রাতে মাদকসেবীদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এজন্য তারা মালিককে কুপিয়ে টাকা নিয়ে গেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি দেখা দেওয়ায় ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

খবর পেয়ে রায়পুরা থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তারা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানান।

Link copied!