মহিবউল্লাহ কিরন, বরগুনা: বরগুনার তালতলীতে নৌবাহিনী ও পুলিশের নিয়মিত যৌথ চেকপোস্ট অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার, ৯ ডিসেম্বর, বেলা ১১টা ৫০ মিনিটে তালতলী উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের সামনের সড়কে তালতলী নৌবাহিনীর একটি সেকশন (অস্ত্র ও গোলাবারুদসহ) এবং তালতলী থানা পুলিশের সমন্বয়ে জননিরাপত্তা ও অপরাধ দমনের জন্য যৌথ চেকপোস্ট অভিযান পরিচালিত হয়।
জানা যায়, ৯ ডিসেম্বর সকালে হুমায়ুন কবির ও খুকুমণি (ইয়াবাসহ) ঢাকা থেকে আমতলীতে আসেন। সেখান থেকে তাঁরা মোটরসাইকেলযোগে তালতলী শহরে যাচ্ছিলেন। পথে তালতলী ফায়ার সার্ভিস স্টেশনের সামনে নৌবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্টে তাঁদের মোটরসাইকেলটি আটকানো হয়। পরে তল্লাশি করে খুকুমণির কাছ থেকে ১ হাজার ৪৮৫টি ইয়াবা ও দুটি মোবাইল জব্দ করা হয়।
মাদক ব্যবসায়ী হুমায়ুন কবির (৪০) বরগুনা সদরের পরিরখাল এলাকার মৃত মান্নান হাওলাদারের ছেলে। অপরজন খুকুমণি (৩২) তালতলী উপজেলার মোমেসী পাড়া গ্রামের মো. শাহ আলমের মেয়ে। আটক দুজনই এই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে যৌথ বাহিনী জানায়। তারা সম্পর্কে দেবর-ভাবি।
পরে আটককৃত দুজনকে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যৌথ বাহিনী বেলা ১টা ৪০ মিনিটে তালতলী থানা পুলিশের নিকট হস্তান্তর করে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। হুমায়ুন কবিরের বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
আপনার মতামত লিখুন :