আশিকুর সরকার (রাব্বি), রাজারহাট: উত্তর জনপদের শীতার্ত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে রাজারহাটের স্বেচ্ছাসেবী সংগঠন ‘পথের আলো’ এক মহৎ উদ্যোগ গ্রহণ করেছে। সংগঠনটি ডিসেম্বর মাসব্যাপী খাদ্য সহায়তা এবং শীতবস্ত্র বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) এই মাসব্যাপী মানবিক কার্যক্রমের উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল ইমরান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি শীতবস্ত্র এবং খাদ্যসামগ্রী বিতরণে সরাসরি অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, সার্বিক তত্ত্বাবধানে দায়িত্বে ছিলেন আনিসুর রহমান লিটন, এবং ‘পথের আলো রাজারহাট’ সদস্যরা মজনু সরকার, আহসান হাবীব কুইক, হাফিজুর রহমান, মামুন চৌধুরী, সাইয়্যাদুর রহমান শাওন ও নাঈম।
‘পথের আলো রাজারহাট’-এর স্বেচ্ছাসেবীরা জানান, তীব্র শীতে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে এই মাসব্যাপী কার্যক্রম পরিচালিত হচ্ছে। উদ্বোধনী দিনে শীতবস্ত্র (কম্বল) এবং খাদ্য সহায়তা হিসেবে চাল, ডালসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইউএনও মোঃ আল ইমরান এই জনহিতকর উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং মাসব্যাপী কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। তিনি সমাজের বিত্তবানদেরও অনুরোধ করেন, নিজ নিজ অবস্থান থেকে এমন মানবিক কার্যক্রমে এগিয়ে আসুন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ইউএনও মহোদয়ের এই সহযোগিতা তাদের কার্যক্রম পরিচালনায় নতুন উদ্দীপনা যোগ করবে। ডিসেম্বর মাস জুড়ে এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :