কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে সক্রিয় ডাকাতদলের সংঘর্ষে ‘রইক্ষ্যা’ নামে পরিচিত এক ডাকাত নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হ্নীলা ইউনিয়নের মোছনী গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে আব্দুর রহিম (৪০)।
বুধবার ভোরে ক্যাম্পের বিকাশ মোড় এলাকা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ফজরের নামাজের সময় স্থানীয় রোহিঙ্গা বাসিন্দারা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে এপিবিএন ও টেকনাফ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ শনাক্ত করে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুর রহিম দীর্ঘদিন ধরে ক্যাম্পে সক্রিয় সালমান শাহ ডাকাত গ্রুপের সদস্য হিসেবে পরিচিত ছিলেন। ধারণা করা হচ্ছে, দলের মধ্যে অভ্যন্তরীণ বিরোধের জেরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ডাকাতদলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ঘটনাই মনে হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :