কুমিল্লা সফরে আসছেন তারেক রহমান: দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ

মোঃ আরিফুল ইসলাম ফারহান , কুমিল্লা জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১৫ জানুয়ারী, ২০২৬, ০৪:১১ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৪ অথবা ২৫ জানুয়ারি কুমিল্লা সফরে আসতে পারেন। চট্টগ্রাম বিভাগ সফরের অংশ হিসেবে তাঁর কুমিল্লা আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ২৪ ও ২৫ জানুয়ারি তারেক রহমানের চট্টগ্রাম বিভাগ সফরের একটি সম্ভাব্য সময়সূচি রয়েছে। এই সফরের মধ্যে একদিন তিনি কুমিল্লায় অবস্থান করবেন। তাঁর আগমনকে সামনে রেখে কুমিল্লা টাউন হল মাঠকে সম্ভাব্য ভেন্যু হিসেবে নির্ধারণ করে প্রাথমিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

এরই অংশ হিসেবে বুধবার দুপুরে বিএনপি চেয়ারম্যানের নিরাপত্তা দল সিএসএফ (CSF)-এর সদস্যরা কুমিল্লা টাউন হল মাঠ পরিদর্শন করেন। সিএসএফ কর্মকর্তা ক্যাপ্টেন আজমের নেতৃত্বে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। এ সময় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম আরও বলেন, তারেক রহমানের কুমিল্লা আগমন কুমিল্লার রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনবে।

এ বিষয়ে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, ২০০৩ সালে তারেক রহমান কুমিল্লা স্টেডিয়ামে একটি ইউনিয়নের কর্মীসভায় বক্তব্য দিয়েছিলেন। দীর্ঘ সময় পর এই প্রথম কুমিল্লা জেলায় বড় পরিসরে মহাসমাবেশে তিনি বক্তব্য রাখবেন। তাঁর আগমন কুমিল্লার ১১টি সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থীদের বিজয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, তারেক রহমানকে বরণ করে নিতে হাজার হাজার নেতাকর্মী প্রস্তুত রয়েছেন।

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু বলেন, বিএনপি চেয়ারম্যানের কুমিল্লা সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে মাঠ পরিদর্শন সম্পন্ন হয়েছে। তারেক রহমানের বক্তব্য শোনা ও তাঁকে সরাসরি দেখার জন্য কুমিল্লার বিএনপি নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

দলীয় নেতৃবৃন্দ আরও জানান, আসন্ন কর্মসূচি সফল করতে কুমিল্লা জেলা ও মহানগরের সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, কুমিল্লার সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, যা কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে।

Advertisement

Link copied!