বিএনপির সাবেক চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কেশবপুর উপজেলার ৫নং মঙ্গলকোট ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত কেশবপুর আসনের ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আবুল হোসেন আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন আজাদ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আপোষহীন সংগ্রামী নেত্রী। তাঁর ত্যাগ ও অবদান জাতি কোনো দিন ভুলবে না। আজ ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, কেশবপুরের মানুষ গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সব সময় অগ্রণী ভূমিকা রেখেছে। আগামী দিনে আন্দোলন সংগ্রামে কেশবপুরই হবে যশোর জেলার মডেল উপজেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুস ছামাদ বিশ্বাস, ৫নং মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মো. মশিউর রহমান, কেশবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আলাউদ্দিন আলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫নং মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোস্তাক আহমেদ।
দোয়া মাহফিলে কেশবপুর উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও দেশবাসীর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :