📦 আর্কাইভ: এই পোস্টটি আর্কাইভ থেকে দেখানো হচ্ছে। প্রকাশিত: ১৫ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৬ পিএম

রায়গঞ্জে কাজী ফার্মের ভারী যানবাহন ও অবৈধ মাটি বহনের প্রতিবাদে মানববন্ধন

একরামুল হক , রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

প্রকাশিত: ১৫ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৬ পিএম (আর্কাইভ)

রায়গঞ্জে কাজী ফার্মের ভারী যানবাহন ও অবৈধ মাটি বহনের প্রতিবাদে মানববন্ধন

"নিরাপদ সড়ক চাই—আর নয় সড়কে মৃত্যু" এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ক্ষিরতলা শালিয়াগাড়ী সড়কে আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মসূচিটির আয়োজন করে ক্ষিরতলা, শালিয়াগাড়ীসহ আশপাশের এলাকার সচেতন এলাকাবাসী।

স্থানীয় সমাজসেবক কাজী মুদ্দিন (কাজী)-এর সার্বিক সহযোগিতায় মানববন্ধনে বক্তব্য রাখেন ক্ষিরতলা বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জনিল চন্দ্র মাহাতো, ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শুভাস চন্দ্র মাহাতো, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নিপেন্দ্র নাথ মাহাতো প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কাজী ফার্মসের ৫ টন ও তদূর্ধ্ব ভারী যানবাহন এবং ইটভাটার অবৈধ মাটি বহনকারী ড্রাম ট্রাক নিয়মনীতি উপেক্ষা করে চলাচল করায় এলাকায় প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার ঝুঁকি সৃষ্টি হচ্ছে।

এসব ভারী যানবাহনের কারণে স্কুল, মসজিদ ও মন্দিরে যাতায়াতকারী শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে সড়কের ব্যাপক ক্ষয় ক্ষতিও হচ্ছে বলে তারা জানান।

বক্তারা আরও বলেন, অতিরিক্ত ওজনের যানবাহনের অবাধ চলাচলের ফলে সড়ক দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা অবিলম্বে এসব ভারী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ, অবৈধ মাটি পরিবহন বন্ধ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

মানববন্ধন শেষে এলাকাবাসী শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

সিয়াম সরিষা
Link copied!