ময়মনসিংহের ধোবাউড়ায় নির্বাচনী কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নজরুল ইসলাম (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
গতকাল সন্ধ্যায় ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে এই ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের রামসিংহপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক ছিলেন।
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যার পর এরশাদ বাজারে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। এ সময় স্থানীয় দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হলে ছুরিকাঘাতে নজরুল ইসলাম নিহত হন।
স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল বলেন, “আমাদের অফিস উদ্বোধন শেষে বের হওয়ার সময় অতর্কিত হামলা চালানো হয়। ছুরিকাঘাতে নজরুল ইসলাম গুরুতর আহত হলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলাকারীরা সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সমর্থক। আমরা দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
তবে ময়মনসিংহ-১ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, “প্রাথমিকভাবে শুনেছি ঘটনাটি পারিবারিক বিরোধ থেকে ঘটেছে। এখন এটিকে রাজনৈতিকভাবে রঙ দেওয়ার চেষ্টা চলছে। দুলাভাই ও বোনজামাইয়ের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। যদি আমাদের দলের কেউ জড়িত থাকে, তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এই ঘটনা ঘটে। এতে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন।”
আপনার মতামত লিখুন :