বাকৃবিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরে পরিচয় মিলল বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের

ময়মনসিংহ অফিস , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৭ জানুয়ারী, ২০২৬, ০১:০১ পিএম

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) হেলিপ্যাড মাঠের দক্ষিণ পাশে ডাচ-বাংলা ব্যাংকের বুথের পেছনের মাঠ থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৬) সারাদিন বাকৃবির ১৯৯৮-৯৯ সেশনের শিক্ষার্থীদের দুই দিনব্যাপী দ্বিতীয় পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম দিনের কার্যক্রম রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে শান্তিপূর্ণভাবে শেষ হয়। তবে রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটের দিকে অনুষ্ঠানে অংশ নিতে আসা ৪৫ বছর বয়সী এক পুরুষকে হেলিপ্যাড মাঠের দক্ষিণ পাশে ডাচ-বাংলা ব্যাংকের বুথের পেছনের মাঠে নোহা (ঢাকা মেট্রো-চ ১৩-৯৫৩৯) গাড়ির পাশে পড়ে থাকতে দেখা যায়।

বিষয়টি তাৎক্ষণিকভাবে বাকৃবি প্রশাসন ও বাকৃবি ক্যাম্পের পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে উপস্থিত হন। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ওই ব্যক্তি স্ট্রোকজনিত কারণে মারা যেতে পারেন। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়মনসিংহ সদর হাসপাতালে পাঠানো হয়।

পরবর্তীতে স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্যে জানা যায়, মৃত ব্যক্তির নাম আবু শাদাত মোহাম্মদ সায়েম। তিনি বাংলাদেশ ব্যাংক, ঢাকার এডিশনাল ডাইরেক্টর (অতিরিক্ত পরিচালক) হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

Advertisement

Link copied!