ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, সরিয়ে নেওয়া হচ্ছে রোগীদের

ময়মনসিংহ অফিস , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৭ জানুয়ারী, ২০২৬, ০৩:৫৭ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগার খবর পাওয়া গেছে। এই ঘটনার পর সেখান থেকে রোগীদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে হাসপাতালের নতুন ভবনের ৬ তলায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ সদর ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার মো. জুলহাস উদ্দিন বলেন, বিকেল ৪টা ৩৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সদর ফায়ার স্টেশনের চারটি ইউনিট হাসপাতালে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এছাড়া আরও কয়েকটি ইউনিট হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে আসবে। এ ঘটনায় হতাহতের তথ্য নেই।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা  মো. জাকিউল ইসলাম বলেন, আগুন লেগেছে দেখতে পেয়ে তাৎক্ষণিক ফায়ারসার্ভিসে খবর দেওয়া হয়। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

এদিকে আগুন লাগার পর রোগী ও স্বজনেরা আতঙ্কিত হয়ে পড়েন। স্বজনেরা তাদের রোগীদের বাইরে বের করে আনার চেষ্টা করেন। রোগীদের সরিয়ে নিতে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরাও।

ময়মনসিংহের সিনিয়র স্টেশন অফিসার সানোয়ার হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। 

 

Advertisement

Link copied!