আদালত অবমাননা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে লেংগুড়া ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

রেজাউল করিম রেজা , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১৮ জানুয়ারী, ২০২৬, ০৬:৫০ পিএম

 

নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলাধীন লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান ভূইয়াকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। আদালত অবমাননা, ম্যাজিস্ট্রেটের কার্যক্রমে বাধা সৃষ্টি, চলমান মোবাইল কোর্টে অসম্মান ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পরিবর্তে তিনি ম্যাজিস্ট্রেটের কার্যক্রমে বাধা দেন, আদালত চলাকালীন আদালতের প্রতি বিরূপ মন্তব্য করেন এবং আদালত অবমাননার মতো আচরণ করেন। পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)-এর উপস্থিতিতে পরিচালিত মোবাইল কোর্টে বাধা প্রদান ও অসম্মান প্রদর্শনের মাধ্যমে তিনি অসদাচরণ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, উল্লিখিত অভিযোগের প্রেক্ষিতে চেয়ারম্যান হিসেবে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে আইন বহির্ভূত হিসেবে বিবেচিত। এসব কর্মকাণ্ড ইউনিয়ন পরিষদ ও জনস্বার্থের পরিপন্থী হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) ধারার (ঘ) অনুযায়ী অপরাধ সংঘটিত হয়েছে বলে সরকার মত দিয়েছে।

এরই ধারাবাহিকতায় একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী মোঃ সাইদুর রহমান ভূইয়াকে তার পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মোঃ মৌতাদেম বিল্যাহ স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে জারি করা হয়। অনুলিপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও বরখাস্তকৃত চেয়ারম্যানকে প্রেরণ করা হয়েছে।

Advertisement

Link copied!