নবম জাতীয় পে-স্কেল ঘোষণা এবং তা আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর করার দাবিতে ঢাকার ধামরাইয়ে অবস্থান কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে ধামরাই উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে নতুন কোনো পে-স্কেল ঘোষণা না হওয়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মিলিয়ে জীবনযাপন করা ক্রমেই কঠিন হয়ে পড়েছে। বর্তমান বেতন কাঠামোতে ন্যূনতম জীবনমান বজায় রাখা দুষ্কর হয়ে উঠেছে বলে তারা অভিযোগ করেন।
এ সময় মোঃ মানিক মিয়া, লাইসেন্স পরিদর্শক, ধামরাই পৌরসভা বলেন, “বর্তমান বাজার পরিস্থিতিতে এই বেতনে পরিবার পরিচালনা করা অত্যন্ত কষ্টসাধ্য। দ্রুত নবম জাতীয় পে-স্কেল ঘোষণা করা এখন সময়ের দাবি।”
মোঃ মেহেদী হাসান, পরিবার পরিকল্পনা পরিদর্শক, ধামরাই উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ বলেন, “দীর্ঘদিন ধরে কর্মকর্তা-কর্মচারীরা নতুন পে-স্কেলের অপেক্ষায় রয়েছেন। সরকারকে অবিলম্বে ১ জানুয়ারি ২০২৬ থেকে পে-স্কেল কার্যকর করতে হবে।”
নাজনীন আক্তার, পরিসংখ্যান তদন্তকারী, উপজেলা পরিসংখ্যান অফিস, ধামরাই বলেন, “আমাদের দাবি সম্পূর্ণ যৌক্তিক। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।”
বিক্ষোভ চলাকালে কর্মকর্তা-কর্মচারীদের ব্যানার ও ফেস্টুন হাতে বিভিন্ন দাবি-সংবলিত স্লোগান দিতে দেখা যায়। বক্তারা জানান, দাবি আদায় না হলে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় করে পরবর্তী আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
উল্লেখ্য, ধামরাই উপজেলার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে পালন করা হয়।
আপনার মতামত লিখুন :