ময়মনসিংহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

স্টাফ রিপোর্টার , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:১৬ পিএম

ময়মনসিংহে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ সাইফুর রহমান। এতে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকরা।

মতবিনিময় সভায় নির্বাচন ও গণভোট ঘিরে গৃহীত সার্বিক প্রস্তুতি, ভোটগ্রহণ প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে পরিচালনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, নির্বাচন ও গণভোট জনগণের আস্থার বিষয়। এ আস্থা বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে। তিনি নির্বাচনকালীন সময়ে গণমাধ্যমের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান জানান, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। ভোটাররা যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

সভায় উপস্থিত সাংবাদিকরা নির্বাচনকালীন তথ্যপ্রবাহ, সংবাদ সংগ্রহে সহযোগিতা এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন।

মতবিনিময় সভা শেষে প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

Link copied!