কুমিল্লার পুকুর থেকে ৬টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

গোলাম কিবরিয়া রাকিব , ভ্রাম্যমাণ সংবাদদাতা

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:০৬ পিএম

কুমিল্লার সদর উপজেলার কটকবাজার এলাকায় দুটি পুকুরে সেচ অভিযান চালিয়ে র‍্যাব-১১ ও সিপিসি-২ এর সদস্যরা বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করেছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৩টি বিদেশি পিস্তলসহ মোট ৬টি আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন দেশীয় অস্ত্র।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর আনুমানিক ৩টায় জেলার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কটকবাজার এলাকায় এই অভিযান শুরু হয়। পুকুরের পানিতে লুকিয়ে রাখা অবস্থায় ৩টি বিদেশি পিস্তলসহ মোট ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া ২৯ রাউন্ড গুলি, বেশ কয়েকটি চাইনিজ কুড়াল ও অন্যান্য দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে। দীর্ঘ সময় ধরে চলা এই উদ্ধার কার্যক্রম বেলা সাড়ে ১১টায় শেষ হয়।

এ বিষয়ে দুপুর ১২টার দিকে র‍্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, মঙ্গলবার ভোর থেকেই অস্ত্র উদ্ধারের অভিযান পরিচালিত হয়েছে। তবে উদ্ধারকৃত অস্ত্রগুলো কারা এবং কী উদ্দেশ্যে সেখানে মজুদ করেছিল, সে বিষয়ে তদন্ত চলছে। তিনি আরও জানান, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Link copied!