নতুন সরকারের শপথে অনুষ্ঠানে থাকবেন ১ হাজার অতিথি

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:০৮ পিএম

নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি শেষ পর্যায়ে। বঙ্গভবনে অনুষ্ঠিত হতে যাওয়া এ আয়োজনে বিশিষ্ট ব্যক্তিসহ মোট এক হাজার অতিথি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, নবনির্বাচিত সংসদ সদস্যদের নামে ইতোমধ্যে গেজেট প্রকাশিত হয়েছে। আইন অনুযায়ী, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে তাদের শপথ গ্রহণ সম্পন্ন করতে হবে। কর্মদিবস বিবেচনায় আগামী ১৭ তারিখের মধ্যেই সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, সংসদ সদস্যদের শপথের পর নির্বাচনে অংশ নেওয়া দলগুলো তাদের সংসদীয় নেতা নির্বাচন করবে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা রাষ্ট্রপতিকে বিষয়টি অবহিত করলে সংবিধান অনুযায়ী তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হবে। এরপর সুবিধাজনক সময়ে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, তিন থেকে চার দিনের মধ্যেই পুরো শপথ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। নির্ধারিত সময় এগিয়ে বা পেছালে সে অনুযায়ী প্রস্তুতিও রয়েছে।

সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—এ প্রশ্নে তিনি বলেন, বিষয়টি সংসদ সচিবালয়ের এখতিয়ারভুক্ত। স্পিকার, ডেপুটি স্পিকার অথবা তাদের মনোনীত কেউ শপথ পড়াতে পারেন। প্রয়োজনে সরকার মনোনীত অন্য কোনো সাংবিধানিক পদাধিকারী যেমন প্রধান বিচারপতি বা প্রধান নির্বাচন কমিশনারও শপথ অনুষ্ঠান পরিচালনা করতে পারেন।

তবে সংবিধান অনুযায়ী মন্ত্রিসভার সদস্যদের শপথ রাষ্ট্রপতিই পড়াবেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

Link copied!