পদোন্নতিতে দীর্ঘ বঞ্চনা, আলোচনায় ডিআইজি নজমুল

বিশেষ প্রতিনিধি , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৩৫ পিএম

দীর্ঘ প্রায় দুই দশক ধরে পদোন্নতি ও যথাযথ মূল্যায়ন থেকে বঞ্চিত থাকার অভিযোগ উঠেছে বিসিএস (পুলিশ) ১৮ ব্যাচের কর্মকর্তা নজমুল হোসেন দিদারের ক্ষেত্রে। সহকর্মীদের ভাষ্য, ছাত্রজীবনে রাজনৈতিক সম্পৃক্ততার কারণে তিনি দীর্ঘ সময় ধরে কাঙ্ক্ষিত পদোন্নতি পাননি। তবে বর্তমান নতুন সরকার গঠিত হওয়ায় আশার আলো দেখেছেন দিদার।

নজমুল হোসেন দিদার বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা। ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিম উদ্দীন হলের শিক্ষার্থী। ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং নেতৃত্বের ভূমিকায় ছিলেন বলেও জানা গেছে। ওই রাজনৈতিক পরিচয়ের কারণে তৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ সময় মিলেনি পদোন্নতি। টানা কাজ করেছেন এডিশনাল এসপি পদেই।

সহকর্মীরা বলছেন, কর্মজীবনে নানা প্রতিকূলতার মুখোমুখি হলেও তিনি দায়িত্ব পালনে অবহেলা করেননি। বিশেষ করে ট্যুরিস্ট পুলিশে দায়িত্ব পালনকালে সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন বলে জানিয়েছেন সহকর্মীদের অনেকে মন্তব্য করেছেন। তার কর্মদক্ষতা নিয়ে সংশ্লিষ্ট মহলেও ইতিবাচক ধারণা রয়েছে।

সম্প্রতি রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে বিএনপি সরকার গঠনের পর পদোন্নতি ও ন্যায্য মূল্যায়ন পাওয়ার বিষয়ে আশাবাদী নাজমুল। ঘনিষ্ঠ সূত্র বলছে, তার বিশ্বাস, দীর্ঘদিনের বঞ্চনা ও পেশাগত অবদানের বিষয়টি বর্তমান সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

প্রশাসনিক বিশ্লেষকদের মতে, কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় তার পেশাগত অগ্রগতিতে প্রভাব ফেললে তা রাষ্ট্রীয় ব্যবস্থার জন্যও উদ্বেগজনক। তারা মনে করেন, দক্ষতা, অভিজ্ঞতা ও কর্মমূল্যায়নের ভিত্তিতেই পদোন্নতি নিশ্চিত হওয়া উচিত।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পদোন্নতি সংক্রান্ত সিদ্ধান্ত প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে বলে জানা গেছে।

Advertisement

Link copied!