রমজানে ১০ টাকায় দুধ দিচ্ছে জেসি অ্যাগ্রো ফার্ম

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:১০ পিএম

জামাল উদ্দিন, কিশোরগঞ্জ: পবিত্র রমজান মাসে নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর রৌহা গ্রামের জেসি অ্যাগ্রো ফার্ম। রমজানজুড়ে খামারটির উৎপাদিত দুধ মাত্র ১০ টাকা লিটার দরে বিক্রি করা হচ্ছে নিম্ন আয়ের মানুষের মাঝে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এ কার্যক্রম শুরু হয়। প্রথম দিন থেকেই খামারে নারী-পুরুষের ভিড় লক্ষ্য করা যায়। অনেকে ১০ টাকায় দুধ নিয়েছেন, আবার কেউ কেউ বিনামূল্যেও পেয়েছেন। প্রতিদিন সর্বোচ্চ ১০০ জনকে এক লিটার করে দুধ দেওয়া হয় বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

নিয়ামতপুর ইউনিয়নের হাতকাজলা গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী রাতুল বলেন, "গত বছরও ১০ টাকা লিটারে দুধ নিয়েছিলাম, তাই এবারও এসেছি। ১০ টাকায় দুধ পেয়ে আমি খুব খুশি। বড় লোক শিল্পপতিরা যদি এভাবে গরিব-অসহায়দের পাশে দাঁড়ান, তাহলে আমরা রমজানে দুধ খেতে পারবো। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের ভালো রাখেন।"

প্রতিষ্ঠানের ম্যানেজার আবু সাঈদ জানান, খামারে মোট ২৫০টি গরু রয়েছে, যার মধ্যে ৫৫টি গাভি। এসব গাভি থেকে প্রতিদিন প্রায় ১০০ লিটার দুধ দোহন করা হয়। সেই ১০০ লিটার দুধই নিম্ন আয়ের মানুষের মাঝে নামমাত্র ১০ টাকা লিটার দরে বিতরণ করা হচ্ছে। তিনি আরও জানান, গত ছয় বছর ধরে জেসি অ্যাগ্রো ফার্ম একইভাবে রমজানে স্বল্পমূল্যে দুধ বিক্রি করে আসছে।

শ্রমিক জাফর ইকবাল বলেন, "রমজানে ১২০ টাকা লিটার দুধ কিনে খাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। ১০ টাকায় দুধ পাওয়ায় আমরা সেহরিতে তা খেতে পারছি।"

বয়রা মধ্যপাড়া গ্রামের সবুজা ও রেবেকা খাতুন জানান, রমজানের প্রথম দিন থেকেই তারা ১০ টাকা দরে এক লিটার দুধ পেয়েছেন। প্রতিদিন এভাবে দুধ পেলে তাদের মতো অসচ্ছল পরিবারের জন্য তা বড় সহায়তা হবে।

রমজানের শুরুতেই এমন উদ্যোগ এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে। স্থানীয়দের মতে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির এই সময়ে এ ধরনের মানবিক উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে।

Link copied!