পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিনে ধামরাইয়ের বিভিন্ন কাঁচাবাজারে লেবুর দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা গেছে। যে লেবু এক হালি (৪টি) মাত্র ২০ টাকায় বিক্রি হচ্ছিল, তা বেড়ে এখন ১২০ টাকায় বিক্রি হচ্ছে। হঠাৎ এমন মূল্যবৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।
বাজার ঘুরে দেখা যায়, ইফতারে লেবুর চাহিদা বাড়ার সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী দাম বাড়িয়ে দিয়েছেন। ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো পড়েছে বিপাকে। অনেকেই বাধ্য হয়ে প্রয়োজনীয় পরিমাণের চেয়ে কম লেবু কিনছেন।
একাধিক ক্রেতা জানান, রমজান এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়। বাজার তদারকির অভাব ও কার্যকর মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম বাড়াচ্ছেন বলে অভিযোগ করেন তারা।
এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ীরা দাবি করেন, পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা পর্যায়ে এর প্রভাব পড়েছে। তবে ভোক্তাদের দাবি, প্রশাসনের কঠোর নজরদারি থাকলে এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সম্ভব হতো না।
এদিকে সচেতন মহল মনে করছেন, রমজান মাসে বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং জোরদার করা প্রয়োজন।
আপনার মতামত লিখুন :