ফরিদপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম, সিভিল সার্জন মাহমুদুল হাসান, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, মহিলা অধিদপ্তরের উপপরিচালক মাশউদা হোসেন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কাজী রিয়াজ, জেলা কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গিসহ অনেকে।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, জেলা ক্রীড়া অফিসার আল আমিন খন্দকারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ। দৈনিক "প্রতিদিনের কাগজের" ফরিদপুর জেলা প্রতিনিধি, এস এ মুরাদ সহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক ও সহনীয় পর্যায়ে রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
এছাড়া ফরিদপুর-ভাঙ্গা আঞ্চলিক সড়ক চারলেনে উন্নীতকরণ, নদীভাঙন রোধসহ জেলার বিভিন্ন উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। সমাজ থেকে সন্ত্রাস, নৈরাজ্য ও দুর্নীতি নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সন্ত্রাসী যে দলেরই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সভায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের কথাও জানান বক্তারা।
সভা থেকে দেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়।
আপনার মতামত লিখুন :