স্বাস্থ্যখাতে সিন্ডিকেট ও দুর্নীতি কঠোরভাবে দমন করা হবে -নরসিংদীতে স্বাস্থ্যমন্ত্রী

মোহাইমিনুল ইসলাম , মনোহরদী নরসিংদী সংবাদদাতা

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:১৪ পিএম

নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য ও নবনিযুক্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রীত্ব গ্রহণের পর নিজ বাড়িতে পৌঁছালে দলীয় নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

মন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে বিদ্যমান সকল প্রকার সিন্ডিকেট ও দুর্নীতি কঠোরভাবে দমন করা হবে। তিনি স্পষ্টভাবে জানান, "জনগণ আর ডাক্তারের পিছনে ঘুরবে না; বরং ডাক্তার জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে।" তার ভাষায়, চিকিৎসা সেবা দেশের প্রতিটি মানুষের ন্যায্য অধিকার এবং তা নিশ্চিত করাই হবে তার প্রধান অগ্রাধিকার।

তিনি আরও বলেন, নির্বাচনে যারা তাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি—সবার প্রতিই তার সমান দায়বদ্ধতা রয়েছে। দলমত নির্বিশেষে সকল নাগরিকের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

নরসিংদীতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, যেখানে প্রয়োজন সেখানেই নতুন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। এর মাধ্যমে জেলার স্বাস্থ্যব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সচেতন মহল মনে করছেন, মন্ত্রীর ঘোষণাগুলো বাস্তবায়িত হলে স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধানে কার্যকর পদক্ষেপ দেখা যেতে পারে।

Link copied!