হাতিয়াকে কলঙ্কিত করার প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন ও ঝাড়ু মিছিল

মামুন রাফী , নোয়াখালী জেলা সংবাদদাতা

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:১৮ পিএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াকে মিথ্যা ধর্ষণ মামলার মাধ্যমে কলঙ্কিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছেন স্থানীয়রা। শুক্রবার বিকেলে উপজেলার ২নং চানন্দী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের প্রকল্প বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভে ২নং চানন্দী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা ব্যানার-ফেস্টুন নিয়ে বাজার এলাকায় মানববন্ধন করেন এবং পরে একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, আব্দুল হান্নান মাসুদ পরিকল্পিতভাবে একটি মিথ্যা ধর্ষণের অভিযোগ এনে হাতিয়া উপজেলার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছেন। তাদের দাবি, মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি বিশেষ মহলকে ফাঁসানো এবং দ্বীপাঞ্চলের সুনাম নষ্ট করতেই এ ধরনের ষড়যন্ত্র করা হয়েছে।

সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, এটি একটি সাজানো নাটক। আমরা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। একই সঙ্গে এর পেছনে যারা জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

বক্তারা আরও বলেন, হাতিয়া একটি শান্তিপ্রিয় এলাকা। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে এ জনপদকে কলঙ্কিত করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন- চানন্দী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ধানসিঁড়ি আশ্রয়ণ প্রকল্প এলাকার আবুল কাশেমের ছেলে আবদুর রহমান (৩২), আবদুল গফুরের ছেলে মো. মতিন (৩৫), হালিম ডুবাইর ছেলে হেলাল উদ্দিন কেরানী (৪০), আবুল কাশেমের ছেলে মো. রুবেল (৩০), ৭ নম্বর ওয়ার্ডের মোস্তফা সর্দারের ছেলে এমরান হোসেন ওরফে কালা এমরান (৩৫) এবং ২ নম্বর ওয়ার্ডের উত্তর আজিমপুর গ্রামের মো. মোস্তফার ছেলে বেলাল মাঝি (৪৮)।

এবিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, একটি বিক্ষোভ মিছিল হয়েছে জেনেছি। তবে আদালতের নির্দেশে বৃহস্পতিবার মামলা রেকর্ড হয়েছে।

Advertisement

Link copied!