পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে ভবনধস, নিহত অন্তত ১৬

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:১৪ এএম

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে গ্যাস বিস্ফোরণে একটি আবাসিক ভবনের অংশ ধসে নারী ও শিশুসহ অন্তত ১৬ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোররাতে সোলজার বাজার এলাকার গুল রানা কলনিতে এ ঘটনাট ঘটেছে। 

সিন্ধ প্রাদেশিক দুর্যোগ মোকাবিলা দপ্তরের করাচি শাখার প্রধান হাসান খান স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এএফপিকে বলেন, ভোর চারটার দিকে তিনতলা ভবনটিতে বসবাসকারী লোকজন সেহরির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধাক্কায় ভবনটি ধসে পড়ে।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণ করছি যে সিলিন্ডার বিস্ফোরণের কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তবে তদন্ত করা হলে প্রকৃত কারণ জানা যাবে।’

সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

গত জুলাই মাসেও করাচির উপশহর লিয়ারিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে একটি পাঁচতলা ভবন ধসে পড়ে। সেখানেও ২৭ জন নিহত এবং আরও ১০ জন আহত হন।

করাচির অনেক ভবন ঝুঁকিপূর্ণ। নগর প্রশাসন ইতোমধ্যে শহরের প্রায় ৬০০ ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। তাদের মতে, তালিকাভুক্ত ভবনগুলো দুর্বলভাবে নির্মিত এবং যে কোনো সময় ধসে পড়তে পারে।

Link copied!