রামু উপজেলা খুনিয়া পালংয়ে বনভূমিতে নির্মাণাধীন দালান উচ্ছেদ

আতিকুর রহমান , ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশিত: ০৮ মার্চ, ২০২৬, ০৭:৫৮ পিএম

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের ধোয়াপালং রেঞ্জের খুনিয়াপালং বিটের সংরক্ষিত বনভূমি দখল করে নির্মাণাধীন একটি দালান উচ্ছেদ করেছে বনবিভাগ। রবিবার (৮ মার্চ) সকালে রাজারকুল রেঞ্জ কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক)
অভিউজ্জামান নিবিড়ের নেতৃত্বে বনবিভাগের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে এ উচ্ছেদ কার্যক্রম চালায়।

বনবিভাগ সূত্রে জানা যায়, খুনিয়াপালং বিট এলাকায় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে সংরক্ষিত বনভূমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণসহ বিভিন্ন বন অপরাধ সংঘটিত করে আসছিল।

এ বিষয়ে বনবিভাগের পক্ষ থেকে পাকা স্থাপনা নির্মাণ না করার জন্য সংশ্লিষ্টদের আগেই সতর্ক ও নিষেধ করা হলেও তা উপেক্ষা করে ভূমিদস্যু সিন্ডিকেট নির্মাণ কাজ অব্যাহত রাখে। পরে খবর পেয়ে বনবিভাগ অভিযান চালিয়ে নির্মাণাধীন দালানটি উচ্ছেদ করে।

রাজারকুল রেঞ্জ কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) অভিউজ্জামান নিবিড় বলেন, “সংরক্ষিত বনভূমি দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণের সুযোগ নেই। বনভূমি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

অভিযানে ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা তোসাদ্দেক হোসেনসহ কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভিন্ন রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা, বিট কর্মকর্তা ও স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।

Link copied!