ইরানের জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছে ইসরায়েল: যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৯ মার্চ, ২০২৬, ০১:৫০ এএম

ইরানের রাজধানী তেহরান ও আশপাশের এলাকায় অবস্থিত স্থানীয় জ্বালানি ডিপোগুলোতে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। তবে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে বলেছে, ইরানের মূল জ্বালানি শিল্প বা তেল-গ্যাস রপ্তানি অবকাঠামোতে আঘাত করার কোনো পরিকল্পনা তাদের নেই।

শনিবার (৭ মার্চ) তেহরানের তেল সংরক্ষণাগারগুলোতে হামলার পর সেখানে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ বিষয়ে রোববার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট বলেন, এগুলো ছিল স্থানীয় জ্বালানি ডিপোর ওপর চালানো ‘ইসরায়েলি হামলা’, যা মূলত দৈনন্দিন ব্যবহারের জ্বালানি সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট।

মার্কিন জ্বালানি সচিব বলেন, ওয়াশিংটন বর্তমানে ইরানের কোনো মূল জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে না। আমাদের লক্ষ্যবস্তুতে কোনো জ্বালানি অবকাঠামো নেই। ইরানের তেল বা প্রাকৃতিক গ্যাস শিল্পে হামলা চালানোর কোনো পরিকল্পনা ওয়াশিংটনের নেই।

বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং অর্থনৈতিক বিপর্যয় এড়াতে যুক্তরাষ্ট্র এ সতর্ক অবস্থান নিয়েছে। 

Link copied!