গোয়ালন্দে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও ভোজ্য মসলার গুণগত মান বজায় রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রোববার বিকেলে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ৩ নং ছোটভাকলা ইউনিয়নের স্বরূপার চক এলাকায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান।
অভিযানে ক্ষতিকর কৃত্রিম রং মেশানোর দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা যায়, অভিযান চলাকালে ভোজ্য মসলায় ক্ষতিকর কৃত্রিম রং মেশানোর সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারা অনুযায়ী তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান বলেন, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কৃত্রিম রং খাবারে মেশানো আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :