রোজা মানুষকে সংযম, ধৈর্য ও মানবিকতার শিক্ষা দেয় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার। তিনি বলেন, রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজকে নৈতিকতার পথে পরিচালিত করে এবং মানুষের মধ্যে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।
শুক্রবার (১৩ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন মাদ্রাসায় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি মাদ্রাসার শিক্ষকদের হাতে নগদ অর্থ, পবিত্র কোরআন শরিফ ও টুপি তুলে দেন। পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রফিক সিকদার আশরাফবাদ সিকদার বাড়ি জামে মসজিদের দ্বিতীয় তলার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন এবং আশরাফবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
পরে আশরাফবাদ সিকদার বাড়ির কবরস্থানে মরহুম নুরুল ইসলাম সিকদার, আনোয়ারা খাতুন, ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম সিকদার ও নীরা সিকদার আনিসসহ সব কবরবাসীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
এ সময় অ্যাডভোকেট রফিক সিকদার আরও বলেন, “সমাজকে এগিয়ে নিতে শিক্ষা ও ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। এলাকার মানুষের সহযোগিতায় এসব উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে।”
তিনি আরও বলেন, “রমজান মাস আত্মশুদ্ধি ও মানবতার শিক্ষা দেয়। এই মাসে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব।”
অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আপনার মতামত লিখুন :