কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নের কিসমত গ্রামে প্রবাসীর বাড়িতে সংঘটিত পরিকল্পিত ডাকাতির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী নাসির উদ্দীনের পরিবারের খোঁজখবর নিতে এবং তাদের সান্ত্বনা দিতে সম্প্রতি ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য মোঃ আবুল কালাম। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন। পাশাপাশি পলাতক ডাকাতদের ধরতে তথ্যদাতাদের উৎসাহিত করতে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন।
জানা যায়, কয়েকদিন আগে সংঘটিত ওই ডাকাতির ঘটনায় মনোহরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তবে এখনও কয়েকজন অভিযুক্ত পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম জানান, ইতোমধ্যে দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং লুণ্ঠনকৃত চার ভরি স্বর্ণালংকার এবং নগদ এক লক্ষ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের বিশেষ অভিযান চলছে। পলাতক ডাকাতদের গ্রেফতার করতে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্থানীয় এমপি মহোদয়। কেউ সঠিক তথ্য দিলে তার পরিচয় গোপন রেখে পুরস্কার প্রদান করা হবে বলেও জানান তিনি।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও দ্রুত বাকি আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পুলিশ জানিয়েছে, খুব শিগগিরই পলাতক ডাকাতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
আপনার মতামত লিখুন :