সংরক্ষিত বনাঞ্চলে পাহাড় কেটে বালু উত্তোলনের বিরুদ্ধে বন বিভাগের অভিযান

মোঃ হাসান , বান্দরবান, জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬, ০৮:২৭ পিএম

বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ভাগ্যকুল এলাকায় চট্টগ্রামের সংরক্ষিত বনাঞ্চলে পাহাড় কেটে বালু উত্তোলনের সংবাদ দৈনিক প্রতিদিনের কাগজ-এ প্রকাশিত হওয়ার পর বন বিভাগ অভিযান পরিচালনা করেছে। রবিবার চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের উদ্যোগে পদুয়া রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়। এ সময় সাতকানিয়া উপজেলা প্রশাসনের (এসিল্যান্ড কার্যালয়ের) একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অভিযানকালে রামদা খালসংলগ্ন সংরক্ষিত বনাঞ্চলের পাহাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। ভবিষ্যতে যাতে ওই এলাকায় পুনরায় মাটি বা বালু কাটা না যায়, সেজন্য একটি এস্কেভেটর দিয়ে খালের ওপর দিয়ে নির্মিত চলাচলের রাস্তা কেটে দেওয়া হয়। বন বিভাগ সূত্রে জানা গেছে, এই রাস্তা দিয়ে প্রতিদিন ডাম্পার ট্রাকে করে বালু পরিবহন করা হতো।

বন বিভাগ জানায়, স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন মো. আব্দুর রহমান, মো. আলম শরীফ ও মো. আফছার। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বন বিভাগ।

এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের অধীন পদুয়া রেঞ্জ কর্মকর্তা মো. বজলুর রশিদ বলেন, "সংরক্ষিত বনাঞ্চলে পাহাড় কাটা বা বালু উত্তোলনের মতো কর্মকাণ্ড সম্পূর্ণ অবৈধ। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এই এলাকায় পাহাড় কেটে বালু উত্তোলনের অভিযোগ ছিল। প্রশাসনের সাম্প্রতিক এই অভিযানের মাধ্যমে অবৈধ কার্যক্রম বন্ধ হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

Link copied!