শাহরাস্তিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আলম চৌধুরী , সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ০২:১৩ পিএম

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।

জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আরিফ হোসাইন এবং এএসআই (নিঃ) সাদ্দাম হোসেনসহ থানার একটি চৌকস পুলিশ দল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

গত ১৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১টা ১৫ মিনিটের দিকে শাহরাস্তি থানাধীন টামটা উত্তর ইউনিয়নের ইছাপুরা দক্ষিণ এলাকায় আনিসুর রহমানের বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে পাকা সড়কের উপর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার নিজ হেফাজত থেকে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি হলেন মোঃ নাহিদ হোসেন (২২), পিতা- মোঃ জাকির হোসেন, মাতা- কুলসুমা আক্তার। তার বাড়ি টামটা উত্তর ইউনিয়নের সুরসই (দর্জি বাড়ি) এলাকায়।

পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-১৮, তারিখ ১৬ মার্চ ২০২৬; জিআর নং-৫৭, তারিখ ১৬ মার্চ ২০২৬; ধারা- ৩৬(১) সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কঠোর পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ কর্মকর্তারা জানান, সমাজ থেকে মাদক নির্মূলে শাহরাস্তি থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!