কর্ণফুলীতে সাংবাদিকদের ঐক্যের নতুন বার্তা, প্রেসক্লাবে নয়ন সভাপতি ও ওসমান সম্পাদক

নিজস্ব প্রতিবেদক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬, ১১:১৯ এএম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সাংবাদিকদের সংগঠন কর্ণফুলী প্রেসক্লাবের নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্বের সূচনা হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে মোর্শেদুর রহমান নয়ন সভাপতি এবং ওসমান হোসাইন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত দ্বি-বার্ষিক এ নির্বাচনে স্থানীয় সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। নির্বাচন ঘিরে ছিল উৎসাহ-উদ্দীপনা।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব মাস্টার। সার্বিক নির্বাচন পরিচালনায় ছিলেন শাহ অহিদিয়া কেজি অ্যান্ড হাইস্কুলের পরিচালক শফিক সাদেক।

নির্বাচিত হওয়ার পর নবনির্বাচিত সভাপতি নয়ন বলেন,কর্ণফুলীর সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও ঐক্য সুদৃঢ় করাই হবে তাদের প্রধান লক্ষ্য। সাধারণ সম্পাদক ওসমান হোসাইন ও সকল সাংবাদিককে সঙ্গে নিয়ে একটি কার্যকর ও সক্রিয় সংগঠন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

নতুন কমিটি দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ রূপ পাবে বলে জানানো হয়েছে।পাশাপাশি কর্ণফুলীতে কর্মরত জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের মাঠপর্যায়ের সাংবাদিকদের প্রেসক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে,যা সংগঠনটিকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Link copied!