লোহাগড়া ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল রানা লাক্সমি

রাসেদুল ইসলাম , লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

প্রকাশিত: ০৬ এপ্রিল, ২০২৬, ০৭:৫৯ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে সরগরম পরিস্থিতি বিরাজ করছে। এরই মধ্যে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছে সোহেল রানা লাক্সমির নাম। উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তাকে ঘিরে ইতিবাচক আলোচনা লক্ষ্য করা যাচ্ছে।

লোহাগড়ার লক্ষ্মীপাশা এলাকার বাসিন্দা, মৃত বাবর আলীর (অবঃ আর্মি) সন্তান সোহেল রানা লাক্সমি। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর রাজনীতির সঙ্গে যুক্ত। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি সামাজিক ও মানবিক কাজেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে এলাকায় তার একটি গ্রহণযোগ্য ও ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে।

উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের বাসিন্দা জামাল খন্দকার বলেন, "সোহেল রানা একজন মানবিক মানুষ। যেকোনো প্রয়োজনে তাকে পাশে পাওয়া যায়। তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে সাধারণ মানুষ উপকৃত হবে।" একইভাবে লোহাগড়া পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারাও তাকে একজন সহজপ্রাপ্য ও জনবান্ধব ব্যক্তি হিসেবে উল্লেখ করে ভাইস চেয়ারম্যান পদে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।

এ বিষয়ে সোহেল রানা লাক্সমি বলেন, "আমি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করছি। সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে। আপনারা চাইলে ও দোয়া করলে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।"

রাজনৈতিক জীবনে তিনি ২০০৬-০৭ সালে ৭নং লক্ষ্মীপাশা ওয়ার্ড ছাত্রদলের কর্মী হিসেবে পথচলা শুরু করেন। পরে তিনি লোহাগড়া পৌর ছাত্রদলের সহ-সভাপতি এবং নড়াইল জেলা ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী হিসেবেও তৃণমূলের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন।

বর্তমানে তিনি লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক সক্রিয়তার কারণে তিনি একাধিকবার গ্রেপ্তার, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও জানা গেছে।

সবমিলিয়ে তৃণমূল পর্যায়ে তার জনপ্রিয়তা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে লোহাগড়া উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে সোহেল রানা লাক্সমিকে ঘিরে জোরালো আলোচনা তৈরি হয়েছে।

Advertisement

Link copied!