বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, পরে যান চলাচল স্বাভাবিক

মোঃ আরিফুল ইসলাম ফারহান , কুমিল্লা জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৬, ০৪:৩৬ পিএম

কুমিল্লায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯টায় শ্রমিকরা মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অবস্থান নেন।

এর আগে শ্রমিকরা ইপিজেড এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে এসে জড়ো হন। পরে মহাসড়কের ওপর অবস্থান নিয়ে অবরোধ শুরু করলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, এতে যাত্রী ও পরিবহন চালকরা চরম দুর্ভোগে পড়েন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বেলা সোয়া ১১টার দিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মহাসড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

কুমিল্লা ইপিজেড নাসা কোম্পানির শ্রমিক কামাল হোসেন জানান, নাসা গ্রুপ বিনা নোটিশে কারখানা বন্ধ করে দিয়েছে এবং দীর্ঘদিন যাবত শ্রমিকদের বেতন আটকে রেখেছে। তিনি ন্যায্য দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, মহাসড়ক থেকে ইপিজেড শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Advertisement

Link copied!