জয়পুরহাটে ফিলিং স্টেশন ও ৪ মোটরসাইকেল চালককে জরিমানা

শাহাদুল ইসলাম সাজু , জয়পুরহাট জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬, ০৬:৩২ পিএম

জয়পুরহাটের জামালগঞ্জ এলাকায় অবৈধ তেল মজুত রাখা এবং ট্রাফিক বিধি অমান্য করায় একটি ফিলিং স্টেশন ও চার মোটরসাইকেল চালককে মোট ১২ হাজার ৭শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ এপ্রিল) দুপুরে র‍্যাব-৫-এর সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।

র‍্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পান যে, সদর উপজেলার মেসার্স জামালগঞ্জ ফিলিং স্টেশনে অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখা হয়েছে। উক্ত তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৫ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানের মালিক মো. আজিজুল হককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই দিনে সদর উপজেলার পাকারমাথা এলাকায় বেপরোয়া মোটরসাইকেল চালানো নিয়ন্ত্রণ ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় সড়ক পরিবহন আইন ২০১৯-এর বিভিন্ন ধারায় চার মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্তরা হলেন—মুশফিক (১৯) ও মো. ইমরান (৩২) উভয়কে ১ হাজার টাকা করে, মো. শহিদুল ইসলামকে (৩৯) ৫শ টাকা এবং সিয়াম হায়দারকে (২০) ২শ টাকা।

র‍্যাব জয়পুরহাট ক্যাম্পের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম. তানভীর উল আলম। তিনি জানান, জনস্বার্থে ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়েছে। আদায়কৃত জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

এ ধরনের অপরাধ দমনে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Link copied!